বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও গবেষণা ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে জাতীয় পে কমিশনে স্মারকলিপি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ রোববার দুপুরে ইউট্যাবের সভাপতি এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কমিশনের সদস্য মো. মাকসুদুর রহমান ও খণ্ডকালীন সদস্য সামছুল আলম ভুইয়াও উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ইউট্যাবের কেন্দ্রীয় নেতা আবুল কালাম সরকার, আবদুল করিম, গোলাম রব্বানী, এস এম হাফিজুর রহমান, মো. আলী জিন্নাহ, আসলাম হোসেন, মো. নুরুল আমিন ও সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল চালিকা শক্তি। তাঁদের মেধা ও পরিশ্রমে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিচালিত হচ্ছে। কিন্তু বিদ্যমান বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে মেধাবী তরুণেরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছেন, আর অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প পেশায় যোগদানের চিন্তা করছেন।
ইউট্যাবের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো প্রণয়ন, গবেষণা ও প্রকাশনার কাজে বিশেষ প্রণোদনা ভাতা প্রদান, দেশি–বিদেশি সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ ও অন্যান্য ভাতা বৃদ্ধি, এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পেশার মর্যাদা অটুট রাখা।
