ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ৩৫ বছর বয়সী এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। রোববার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ডাবোহ থানার আওতাধীন এক গ্রামে রুদ্র প্রতাপ সিং জাটভ নামের ওই দলিত ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিবেশী কৌরভ পরিবারের পাঁচ সদস্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতাল হয়ে গোয়ালিয়রে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জাটভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের একজনের বাড়িতে ভাঙচুর চালিয়ে বাইরে রাখা গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার (এসপি) অসিত যাদব ও ডেপুটি সঞ্জীব পাঠক ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেন।
এসপি যাদব জানান, অভিযুক্ত রণবীর কৌরভ, আশু কৌরভ, প্রহ্লাদ কৌরভ, রাজীব কৌরভ ও কুঁয়ার সিং কৌরভের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রামে শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।
