
‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা’—দীর্ঘদিন ধরে এটিই ছিল কর্মজীবনের প্রচলিত সময়সূচি। কিন্তু যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে এখন পরিস্থিতি পাল্টে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতামূলক দৌড়ে এগিয়ে থাকতে অনেক প্রযুক্তি কর্মী বেছে নিচ্ছেন চীনের আলোচিত ‘৯৯৬’ সংস্কৃতি—অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, সপ্তাহে ৬ দিন কাজ।
চীনের টেক ইন্ডাস্ট্রিতেই এই সংস্কৃতির জন্ম, যেখানে অতিরিক্ত শ্রমকেই সাফল্যের শর্ত হিসেবে দেখা হতো। ২০২১ সালে চীনের একটি উচ্চ আদালত কোম্পানিগুলোর ৭২ ঘণ্টার সাপ্তাহিক কাজের চাপ নিষিদ্ধ করলেও, সেই ‘৯৯৬’ মানসিকতা অনেকাংশে রয়ে গেছে। এখন সেটিই যেন নতুনভাবে স্থান করে নিচ্ছে ক্যালিফোর্নিয়ার উদ্ভাবনকেন্দ্র সিলিকন ভ্যালিতে।
লিংকডইন ও এক্স (পূর্বে টুইটার)-এ সাম্প্রতিক সপ্তাহগুলোয় অসংখ্য প্রযুক্তিকর্মী তাদের দীর্ঘ কর্মঘণ্টা ও ‘অফিসে থেকেও ঘরে না ফেরার’ সংস্কৃতি নিয়ে পোস্ট দিচ্ছেন। কেউ তা গর্বের সঙ্গে শেয়ার করছেন, কেউবা প্রশ্ন তুলছেন—উদ্ভাবনের নামে এত দীর্ঘ কর্মঘণ্টা কি টেকসই?