চীন তাদের ইতিহাসের সর্বকনিষ্ঠ নভোচারীসহ তিন সদস্যের একটি দলকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। তাঁদের সঙ্গে পরীক্ষামূলক গবেষণার অংশ হিসেবে পাঠানো হয়েছে চারটি ইঁদুর। গতকাল শনিবার ভোরে শেনঝো–২১ নামের মহাকাশযানটি সফলভাবে তিয়ানগং স্টেশনে পৌঁছায়।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় রাত ৩টা ২২ মিনিটে মহাকাশযানটি স্টেশনে নোঙর করে। উৎক্ষেপণটি হয় তার সাড়ে তিন ঘণ্টা আগে, দেশের উত্তর–পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে।
বর্তমানে বিশ্বের দুটি মহাকাশ স্টেশন সচল—আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS), যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত, এবং চীনের তিয়ানগং স্টেশন। চীন প্রতি ছয় মাস পরপর নভোচারী দল পরিবর্তন করে থাকে।
এই অভিযানের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ পাইলট ঝ্যাং লু। তাঁর সহযাত্রী ৩২ বছর বয়সী উ ফেই, যিনি এখন পর্যন্ত চীনের সবচেয়ে কম বয়সী নভোচারী হিসেবে মহাকাশে গেছেন, এবং ৩৯ বছর বয়সী ঝ্যাং হংঝ্যাং।
গোবি মরুভূমিতে অবস্থিত উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রার আগে পরিবার ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তাঁরা। প্রথমবার মহাকাশে যাওয়া উ ফেই বলেন, “নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে।”
চীন যে চারটি ইঁদুর মহাকাশে পাঠিয়েছে, তার মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী। প্রায় ৩০০ ইঁদুরের মধ্য থেকে বাছাই করা এই প্রাণীদের দুই মাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। মহাকাশে ওজনহীন পরিবেশে থাকা ও সীমিত জায়গায় বাসের ফলে তাদের দেহ ও আচরণে কী পরিবর্তন আসে, তা বিশ্লেষণ করাই এই পরীক্ষার উদ্দেশ্য।
