
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ছবি ‘কিং’-এর ঘোষণা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ৬০তম জন্মদিনে আজ সকালে ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন তিনি। খবর পিংকভিলা-এর।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ আবারও দেখা যাবে শাহরুখের অ্যাকশন-অবতার। আরও বড় চমক—এই ছবিতেই প্রথমবার পর্দা ভাগ করছেন তিনি তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে। সকাল ১১টা ৩০ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে ধূসর চুল, কঠোর চেহারা আর দৃঢ় সংলাপে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন শাহরুখ। তাঁর সংলাপ—“কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো, দেখিনি; শুধু দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।”
দ্রুতগতির অ্যাকশন, আকর্ষণীয় ভিজ্যুয়াল আর উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভক্তদের মুগ্ধ করেছে। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ।
ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা ও রাঘব জুয়াল। সুহানার জন্য এটি বড় পর্দায় প্রথম সিনেমা—এর আগে তিনি অভিনয় করেছিলেন ওটিটি সিনেমা ‘দ্য আর্চিজ’-এ।