আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘শাপলা কলি’ প্রতীক বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শাপলা কলি প্রতীক গ্রহণ করছি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছু প্রশ্ন থাকলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় আমরা এই প্রতীক নিয়েই নির্বাচনে যাচ্ছি।”
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও জানান, শাপলা কলি প্রতীক নিয়ে সারা দেশে ইতিবাচক সাড়া পেয়েছে দলটি। তাঁর ভাষায়, “দেশবাসীর কাছে শাপলা কলি প্রতীকটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে—কারণ এতে শাপলাও আছে, কলিও আছে।”
তিনি জানান, এনসিপি দেশের সব আসনে প্রার্থী দিতে চায় এবং যেকোনো প্রান্তের আগ্রহী প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে।
এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ে এনসিপির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
