জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিথিলতা থাকবে, তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় এআই ব্যবহার করা যাবে না। ছোট সংগঠন হিসেবে তাদের তহবিল সীমিত, তাই তারা নির্বাচনী প্রচারণার জন্য দু-এক মিনিটের ভিডিও তৈরি করতে এআই ব্যবহার করতে চায়। মুরাদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন শিথিল নীতি গ্রহণ করলে কার্যক্রম সহজ হবে।
তিনি আরও দাবি করেন, ভোট গ্রহণকে স্বচ্ছ রাখতে সব ভোটকক্ষ সিসিটিভি ফুটেজের আওতায় আনা এবং নির্বাচনী দিন জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত।
এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, “এআই ব্যবহারে কিছুজনের চরিত্র হনন ও অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে আগে এআই ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছিল। তবে এখন প্রচার কার্যক্রমে শিথিলতা থাকবে, কিন্তু অপব্যবহার করা যাবে না। সরাসরি সম্প্রচারের বিষয়ে আলাপ-বিশ্লেষণের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী সংগঠনের নেতারা।
