চার দশকের সংগীতজীবনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গান লিখেছেন কুমার বিশ্বজিৎ। ‘জটিল মানুষ’ শিরোনামের এই গানটি গেয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী কিশোর দাস। আজ সোমবার রাতে গানটি প্রকাশ পাবে। প্রিয় শিল্পীর লেখা গানে কণ্ঠ দেওয়া কিশোরের কাছে যেন এক পরম স্বপ্নপূরণ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান কুমার বিশ্বজিৎ ও কিশোর দাস—দুজনেরই জন্মভূমি এক। ছোটবেলা থেকেই বিশ্বজিতের গানে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছেন কিশোর। রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে শুরু করে পেশাদার সংগীতজীবনে পথচলায় বিশ্বজিতের সান্নিধ্য পেয়েছেন নিয়মিতভাবে।
বিশ্বজিতের লেখা প্রথম পূর্ণাঙ্গ গানে কণ্ঠ দিতে পারার অনুভূতি জানাতে গিয়ে কিশোর বলেন,
“তাঁর মতো এত বড়মাপের একজন শিল্পীর গানে কণ্ঠ দেওয়াটা আমার জীবনের বড় পাওয়া। এটা নিঃসন্দেহে স্বপ্নপূরণ।”
তিনি আরও জানান, বিশ্বজিৎ এর আগে কিছু গানের স্থায়ী ও অন্তরা লিখলেও পুরো গান লেখা এবারই প্রথম। মূলত নিজের ভাবনাগুলো অন্য কারও হাতে তুলে দিতে চেয়েছিলেন বিশ্বজিৎ, কিন্তু লেখার কাঠামো এতটাই পরিপূর্ণ হয়ে ওঠে যে সেটিই হয়ে যায় পূর্ণাঙ্গ গান।
এ পর্যন্ত কুমার বিশ্বজিতের সুরে অডিও ও চলচ্চিত্রে সাতটি গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। নিজের অর্জন সম্পর্কে তিনি বলেন,
“ভালো গান পাওয়া যেমন ভাগ্যের বিষয়, তেমনি গুণী শিল্পীর সৃষ্টিতে অংশ নিতে পারাটাও আশীর্বাদ। স্যারের ভালোবাসা আর আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে চাই।”
বর্তমানে কানাডায় থাকা কুমার বিশ্বজিৎ বলেন,
“কিশোর আমার খুব স্নেহের। ওর অনুরোধেই গানটি লিখেছি ও সুর করেছি। ও দারুণ গেয়েছে, শ্রোতারা নিশ্চয়ই পছন্দ করবেন।”
‘জটিল মানুষ’ গানে সংগীতায়োজনও করেছেন কিশোর দাস। গানের ভিডিওতে অভিনয় করেছেন মীর সাব্বির, পান্থ কানাই, মুকিত জাকারিয়া ও কিশোর নিজেই। ভিডিও পরিচালনা করেছেন আরাফাত সেতু। গানটি প্রকাশের আগেই কিশোরের সহকর্মী শিল্পীরা ভিডিও বার্তার মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
