বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ।
সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, কোম্পানি সচিব মো. মনিরুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।
ব্যাংকের আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) এনসিসি ব্যাংক মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকের মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। অর্থাৎ এ সময়ের ব্যবধানে মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করেছে ৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২০১ কোটি টাকা।