ঘূর্ণিঝড় ‘মোন্থা’ কাটার পর বঙ্গোপসাগরে আবার নতুন করে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের কাছে অবস্থান করছে। এটি ধীরে ধীরে বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, “লঘুচাপটির গতিপথ চট্টগ্রাম উপকূলের দিকে হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।”
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, আগামীকাল বুধবার বা পরদিন বৃহস্পতিবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে।
এর আগে গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে, যার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়। পঞ্চগড়, সিরাজগঞ্জ ও রাজশাহী অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়। রাজধানীতেও তখন ৯ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল।
