চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মো. মামুন এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন।
বহিষ্কারের কারণ হিসেবে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়ার খবরে সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সহিংসতা, রাস্তা অবরোধ এবং অগ্নিসংযোগ করা উল্লেখ করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এরপর রাত ১১টার দিকে আসলাম চৌধুরীর নির্দেশে নেতা–কর্মীরা মহাসড়ক ও রেলপথ থেকে সরে যান। দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকা যানবাহন ও ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালীন বলেন, “মনোনয়ন না পাওয়ায় নেতা–কর্মীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছিলেন। আসলাম চৌধুরী বাসায় ফিরে বার্তা দিলে তারা সরে যায়।”
এদিকে, মনোনয়ন পাওয়া কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে। আজ দুপুরে জলিল টেক্সটাইল গেট এলাকায় দলের হাইকমান্ডের কাছে প্রেরণের জন্য একটি সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন জানান, আজকের সভা আনুষ্ঠানিক দলীয় সভা নয়। মনোনয়ন বিষয়ে পর্যালোচনা সভা কয়েক দিনের মধ্যে ডাকা হবে। তিনি বলেন, “দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত দিয়েছে, তা মেনে সকলকে মিলিতভাবে নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।”
