
সরকার জোট প্রার্থী হলেও ভোটারদের নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে।
আইন মন্ত্রণালয় সোমবার (৩ নভেম্বর) এ অধ্যাদেশ প্রজ্ঞাপন করেছে। এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পায়।
জোটের প্রতীকের ২০টি অনুচ্ছেদে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি জানান। চূড়ান্তভাবে ওই বিধান বজায় রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও ভোটারদের বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট দেওয়া যাবে না; তাদের অবশ্যই নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।
সংশোধিত আরপিও অধ্যাদেশে আরও বলা হয়েছে, যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন সেই প্রার্থীর দলীয় পরিচয়ের ভিত্তিতে তার রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীক বরাদ্দ দিতে পারবে।