বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে শহীদ আবু সাঈদ হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। সাক্ষী অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের নতুন দিন হিসেবে আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর ট্রাইব্যুনাল-২ এ সিদ্ধান্তটি দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল, তবে সেদিনও সাক্ষী হাজির না হওয়ায় তা পেছানো হয়। তারও আগে ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়, যেখানে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দেন।
পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী ওইদিন জেরা পরিচালনা করেন। মামলার গ্রেফতার ছয় আসামি হলেন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
এই মামলার বিচার কার্যক্রম শুরু হয় ২৭ আগস্ট, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।
