বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রথমবারের মতো স্মার্ট ব্যাটারি সোয়াপিং স্টেশন ও লিথিয়াম ব্যাটারি সিস্টেম এনেছে বি-টেক সিনার্জি লিমিটেড। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলমান ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন–এ আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হবে।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বি-টেক সিনার্জি প্রদর্শনীতে দেখাচ্ছে তাদের উদ্ভাবনী ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক, যা ইলেকট্রিক দুই ও তিন চাকার যানবাহনের ব্যাটারি মাত্র কয়েক মিনিটেই পরিবর্তনের সুবিধা দেবে। প্রচলিত চার্জিং ব্যবস্থার তুলনায় এটি আরও দ্রুত, সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব সমাধান হিসেবে কাজ করবে।
প্রদর্শনীতে দর্শনার্থীরা সরাসরি দেখতে পারবেন স্মার্ট চার্জিং ক্যাবিনেট, লিথিয়াম ব্যাটারি প্যাক এবং ইভি কানেক্টিভিটি সলিউশনস, যা দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ব্যবস্থার যাত্রাকে ত্বরান্বিত করবে।
বি-টেক সিনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা লাবিক কামাল বলেন,
“আমাদের লক্ষ্য হলো পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকে সবার জন্য সহজ ও বাস্তবসম্মত করে তোলা। ব্যাটারি সোয়াপিং ইকোসিস্টেমের মাধ্যমে আমরা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছি এবং দেশের ইভি শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছি।”
