জামায়াতসহ আট দল সরকারের কাছে পাঁচ দফা দাবিতে ১১ নভেম্বরের মধ্যে পদক্ষেপ চায়
ঢাকা: ১১ নভেম্বর রাজধানীতে আট দলের যৌথ সমাবেশের আগে সরকারকে পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার বলেন, দাবি না মানা হলে ওই দিন ঢাকার পরিস্থিতি ভিন্ন হতে পারে।
তিনি বলেন, “পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের প্রতি গণআকাঙ্ক্ষার সম্মান দেখাতে হবে। তা না হলে ১১ নভেম্বরের রাজধানীর চিত্র ভিন্ন হতে পারে।”
এদিন জামায়াতসহ আট দলের পক্ষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পাঁচ দফা দাবির স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে তিনি জানান, আট দলের প্রতিনিধিদের কাছ থেকে উপদেষ্টা আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেছেন।