
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো প্রতিষ্ঠানের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ রেজাউল হক। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণা, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজ অধ্যক্ষ ইসমাইল হোসেন সরকারসহ আরও অনেকে।
১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর নামেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ।
উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. সাইফুর রহমান জানান, কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। শতবর্ষের গৌরব ও ঐতিহ্যের ধারায় নবীন-প্রবীণদের মিলনমেলায় প্রকম্পিত হয়েছে পুরো ক্যাম্পাস।
দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।