
ঢাকার ধামরাই এবং নওগাঁর রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় নাশকতার চেষ্টা হয়েছে। আজ বুধবার ভোরে ধামরাইয়ের সুয়াপুর বাজারে ব্যাংকের দ্বিতীয় তলায় থাকা শাখাটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমাটি ভবনের দেয়ালে লেগে নিচের টিনশেড কক্ষের চালায় পড়ে আগুন লাগলেও ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীদের জানান, পেট্রলবোমা নিচে পড়ে আগুন ছড়িয়ে পড়লে নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নেভান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের টুকরোসহ আলামত সংগ্রহ করে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া ভবনে অবস্থিত এবং এগুলোতে স্থানীয় চৌকিদারদের মাধ্যমে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাতে নওগাঁর রানীনগরের কচুয়া বাজার শাখা অফিসের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা লোটাস হোসেন জানান, ভোরে ঘুম থেকে উঠে তিনি ব্যাংকের সামনে ধোঁয়া দেখতে পান। নৈশপ্রহরী তাঁকে জানান, রাতের কোনো এক সময় রাস্তায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত তা নেভান। বিষয়টি ব্যাংকের কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে রানীনগর থানার ওসি আবদুল হাফিজ মো. রায়হান দাবি করেন, ব্যাংকের সামনে আগুন লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রায় ১০০ গজ দূরে শীত নিবারণের জন্য কেউ আগুন জ্বালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবুও বিষয়টি নাশকতা কি না, তা তদন্ত করা হচ্ছে।