
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রথম আলোকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ফোন করে জানান, ‘আম্মা আর নেই।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয়।
সবশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারেননি। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নামে পরিচিত খালেদা জিয়া শেষ পর্যন্ত তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে চিরবিদায় নিলেন।