মেক্সিকোর সোনোরা রাজ্যের এরমোসিয়ো শহরে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে ওয়ালদো’স নামের স্টোরটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। আহতদের এরমোসিয়োর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুরাজো জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি কোনো হামলা বা সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, “আমি একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করা যায়।”
ঘটনাটি ঘটে এমন সময়ে, যখন মেক্সিকোবাসী ‘ডে অব দ্য ডেড’ উৎসব উদ্যাপন করছিলেন—যে দিন তাঁরা প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, আহতদের সহায়তায় একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরণে সুপারমার্কেটের সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। আগুন ছড়িয়ে পড়া রোধে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ