রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা করেন আ জ ম আজিজুল ইসলাম, যিনি নিহত লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) স্বামী ও বাবা। মামলায় কথিত গৃহকর্মী মোছা. আয়েশা (২০)কে একমাত্র আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল দুপুরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মা–মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার বিবরণে বলা হয়, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে।
আজিজুল ইসলাম জানান, চার দিন আগে আয়েশা খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে তাঁদের বাসায় কাজ শুরু করেন। গতকাল সকাল ৭টার দিকে তিনি কর্মস্থল উত্তরায় যান। পরে স্ত্রীকে ফোনে না পেয়ে বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন, তাঁর স্ত্রী গলা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা অবস্থায় মৃত পড়ে আছেন। মেয়ে বাসার প্রধান ফটকের সামনে গুরুতর জখম অবস্থায় পড়ে ছিল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি একটি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, গৃহকর্মীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।