৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল আজ সোমবারের মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে দেরি করছে। আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা বলেন,
“প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের এই বিলম্ব হতাশাজনক। আমরা আজই সম্পূরক ফল প্রকাশ চাই।”
২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ৪৪তম বিসিএসের ফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৩০ জুন। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা হয়। পরে দেখা যায়, তাঁদের মধ্যে ৩৭২ জন আগে থেকেই একই বা সমতুল্য ক্যাডারে (রিপিট ক্যাডার) কর্মরত ছিলেন।
এ পরিস্থিতিতে পিএসসি জানায়, রিপিট ক্যাডারদের স্থলে পরবর্তী মেধাক্রম অনুসারে নতুন প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু বিধি সংশোধনের গেজেট প্রকাশের পরও এখনো সেই ফল প্রকাশ করা হয়নি।
প্রার্থীরা বলেন, প্রায় চার বছর ধরে চলমান এই বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ না হওয়ায় পিএসসির প্রতি জনআস্থা ক্ষুণ্ন হচ্ছে। তাঁদের অভিমত,
“৪৫তম বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, এমনকি ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিও আসছে— অথচ আমাদের ফল এখনও ঝুলে আছে।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ