চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। রোববার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সকাল হওয়ার আগেই শিক্ষার্থীরা ব্যানারগুলো খুলে ফেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সকালে ব্যানারের ছবি ছড়িয়ে পড়ে। জানা যায়, একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে, আরেকটি ছাত্রদের আবাসিক আলাওল হলের ফটকে টাঙানো হয়। দুই ব্যানারেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নিচে ‘প্রচারে–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ লেখা ছিল।
আলাওল হলের শিক্ষার্থী রাফসান আহমেদ বলেন, “রাতে তিনটার দিকে বাইরে খাবার খেতে গিয়েছিলাম, তখন কিছুই ছিল না। কিন্তু ভোরে ফিরে দেখি ফটকে ব্যানার টাঙানো হয়েছে। কারা লাগিয়েছে, জানি না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। পোস্টারগুলো ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। তাই চাকসু ও হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ