রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা যেন বিভাজন বা সংঘাতে রূপ না নেয়— এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা চাই, সবাইকে নিয়েই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ হোক।”
তিনি জানান, ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, “বাংলাদেশ এখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত, আর এই মুক্তির লড়াইয়ে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”
প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি বলেন, “ভোটার হওয়ার প্রক্রিয়া আরও সহজ করা দরকার। এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই তা যথেষ্ট হওয়া উচিত।” তিনি নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা অন্তত ১৫ দিন বাড়ানোর অনুরোধ জানান।
জাতীয় সংসদে প্রবাসীদের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “প্রবাসীরা ধীরে ধীরে পিআর সিস্টেমের মাধ্যমে অংশ নেবেন— ইনশাআল্লাহ।”
যুক্তরাজ্য ও তুরস্ক সফরের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চাই।”
বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি ২৩৭টি আসনের তালিকা দিয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। আমাদের আঞ্চলিক পর্যায়ের প্রাথমিক তালিকা প্রস্তুত আছে, সময়মতো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, জামায়াতে ইসলামী একা নয়, বরং জাতীয় স্বার্থে অন্য দলগুলোকেও সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “আপনি শুনেছেন, আমি শুনিনি।”
রাজনৈতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সব দলের মতকে শ্রদ্ধা করি— মতানৈক্য মানেই অনৈক্য নয়।”
সরকারের আলোচনার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “সরকার সময় বেঁধে দেয়নি, শুধু অনুরোধ করেছে। রাজনৈতিক দলগুলো যদি বসে ঐকমত্যে পৌঁছায়, তা সবার জন্যই ইতিবাচক হবে।”
এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ