গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নাগরিক সেবা আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে নতুন ডিজিটাল উদ্যোগ ‘গণপুলিশিং সার্ভিস’ চালু করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর সদর মেট্রোপলিটন থানায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি (হেডকোয়ার্টার) জাহিদুল ইসলাম, ডিসি (অপরাধ উত্তর) রবিউল হাসান, ডিসি (লজিস্টিক) শফিকুল ইসলাম এবং সদর মেট্রো থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএমপি জানায়, নতুন সেবার মাধ্যমে থানায় আগত প্রতিটি সেবাপ্রার্থীর তথ্য ও ছবি অনলাইনে নিবন্ধিত থাকবে। আবেদন কোন পর্যায়ে আছে, কোন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন এবং কত সময় ধরে অপেক্ষমাণ—সবকিছুই রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা অভিযোগ নিষ্পন্ন না হলে সেটি ‘পেন্ডিং’ হিসেবে চিহ্নিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে। এভাবে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “নাগরিকের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে ‘গণপুলিশিং সার্ভিস’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, থানায় আগত প্রতিটি নাগরিক দ্রুত ও যথাযথ সেবা পান।”
বর্তমানে জিএমপির আটটি থানার মধ্যে ছয়টিতে সেবা চালু হয়েছে, বাকী দুটি—কোনাবাড়ী ও বাসন থানায় চালুর প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ থানার কার্যক্রম তদারকি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা একসাথে নিশ্চিত করবে।
গণপুলিশিং সার্ভিস মূলত একটি রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম, যা পুলিশের মাঠপর্যায়ের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ‘স্মার্ট পুলিশিং’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অংশগ্রহণকারীরা মনে করছেন, এটি জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ