আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতা ঘোষণায় বগুড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নাম ঘোষণা করা হয়।
এ ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বগুড়ায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, ‘এ মনোনয়ন বগুড়াবাসীর জন্য খুশির সংবাদ। আমরা বিশ্বাস করি, সর্বোচ্চ ভোটে খালেদা জিয়া ও তারেক রহমান বিজয়ী হবেন।’
এ সময় শহরের সাতমাথাসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
বগুড়ার রাজনীতিতে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অপরাজেয়। ১৯৯১ সাল থেকে তিনি বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন এবং কখনো পরাজিত হননি। এবার একই অঞ্চলে তাঁর সঙ্গে তারেক রহমানের প্রার্থীতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
একই দিনে জেলার অন্যান্য আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়, তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এখনো প্রার্থী নির্ধারণ হয়নি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ