জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করে পরে ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠ কাজ আর ধারাবাহিক উন্নতির জন্য তিনি সবসময়ই আলোচনায় ছিলেন। তবে বিসিবির সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকলেও, আয়ারল্যান্ড সিরিজের পরই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তাঁর বিরুদ্ধে কখনো পক্ষপাতের অভিযোগ উঠেছে, কখনো সমালোচনা। কিন্তু টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সালাউদ্দিন সবার কাছেই সমান আচরণ করতেন। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সালাউদ্দিনের সঙ্গে কাজ করা ক্রিকেটারদের জন্য সবসময়ই উপভোগ্য ছিল।
শান্তর ভাষায়, ‘তিনি যত দিন কাজ করেছেন, আমরা সত্যি উপভোগ করেছি। সবচেয়ে বড় বিষয় হলো, স্যার প্রতিটি ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন এবং সবার প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দেন। কার কোথায় ঘাটতি আছে, সেটা বুঝে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন।’
বাইরে থেকে অনেক সময় ভুল ধারণা তৈরি হলেও বাস্তবতা ভিন্ন বলে জানান তিনি। ‘সব কথার সত্যতা নেই। আমরা সবাই খুশি ছিলাম। সাম্প্রতিক সিরিজগুলোতে তাঁর সঙ্গে কাজ ভালোই গেছে, এবং আমি বিশ্বাস করি তিনি নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন।’
| আজকের তারিখঃ বঙ্গাব্দ