বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে দেখে ধানমন্ডির পৈতৃক বাসভবনে ফিরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি এভারকেয়ার হাসপাতালে আড়াই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন এবং আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
আজ বেলা পৌনে ১১টার দিকে জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর শাশুড়িকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি বসুন্ধরা এলাকায় হাসপাতালটিতে পৌঁছান। তাঁর আগমনকে ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
জুবাইদা রহমানের এই আগমন মূলত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে আজ আসতে না পারায় লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। বিএনপির মিডিয়া সেল জানায়, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতার কিছু উন্নতি হলেও তাঁর অন্যান্য শারীরিক সমস্যা বড় আকারে অপরিবর্তিত আছে। শারীরিক অবনতি হওয়ায় তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একাধিক পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ