রাজধানীর রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তাদের সংগঠন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম (ডিএসডিএফ)-এর বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসডিএফ-এর প্রেসিডেন্ট ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. মো. হারুন অর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন,
“রিয়েল এস্টেট খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহক আস্থা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করলে এই খাত আরও শক্তিশালী হবে। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের মতো সংগঠনগুলো ডেভেলপারদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঞা, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও ডিএসডিএফ প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলাম, উত্তরা ডেভেলপারস ফোরামের প্রেসিডেন্ট মো. ইব্রাহীম সরকার, ডিএসডিএফ ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান সোহাগ, জয়েন্ট সেক্রেটারি ফজলুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হক ও ট্রেজারার কাজী মো. ওবায়দুল্লাহ।
স্বাগত বক্তব্যে রিহ্যাব পরিচালক ও ডিএসডিএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন দেওয়ান নাসিরুল হক বলেন, রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে রাজধানীর দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে।
সভাপতি ফখরুল ইসলাম বলেন,
“ঢাকা দক্ষিণের ডেভেলপারদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নৈতিক ব্যবসায়িক চর্চা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা একসঙ্গে কাজ করে নগর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”
সাধারণ সম্পাদক ও রিহ্যাব পরিচালক ড. হারুন অর রশিদ বলেন,
“রিয়েল এস্টেট খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা চাই এই খাত আরও স্বচ্ছ, টেকসই ও গ্রাহকবান্ধব হোক।”
তিনি আরও জানান,
“ড্যাপ সংশোধন ও রাজউক বিধিমালা–২০২৫ গেজেট আকারে প্রকাশে বিলম্বের কারণে ডেভেলপার প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করলে এই খাত ঘুরে দাঁড়াতে পারবে।”
অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহযোগীদের সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন