মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। আজ রোববার শুরু হওয়া এ সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত। তিন দিনের এই বৈঠকে অংশ নিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে পৌঁছেছেন, তাঁদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলন ঘিরে আরও কয়েকটি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসিয়ান বর্তমানে ১১টি দেশের একটি সংগঠন—ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও সদ্য যুক্ত হওয়া পূর্ব তিমুর। সদস্য দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ৬৭ কোটি ৯৪ লাখ।
এবারের সম্মেলনের শুরুতেই পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের একাদশতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এশিয়ার নবীনতম দেশ হিসেবে জোটে যোগ দিল।
মন্তব্য করুন