আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্বশীল, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি এবং এএফডব্লিউসি–২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা, অগ্রগতি এবং জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অনন্য ও প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, নির্বাচন ও গণভোটে বাহিনীর ভূমিকা শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট পরিবেশ নিশ্চিত করবে এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াবে।
ভোটের দিনকে জাতির জন্য একটি স্মরণীয় ও গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করে ইউনূস বলেন, জনগণ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নেবে।
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও মহামারির মতো সংকটে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর ভূমিকা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় একটি বড় অবদান।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয়ের মাসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে দোয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
সমাপনী অনুষ্ঠানে এনডিসি ও এএফডব্লিউসি কোর্স সম্পন্ন করা অফিসারদের অভিনন্দন জানিয়ে ইউনূস বলেন, এই অর্জন তাঁদের ভবিষ্যৎ নেতৃত্ব, জাতীয় নিরাপত্তা বোঝা, কৌশল প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করবে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জটিল ও পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতিতে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম দক্ষ নেতাদের গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। এশিয়ায় অর্থনৈতিক গুরুত্ব বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি মন্তব্য করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ