শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বালতিতে করে ককটেল ছুড়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে এই ঘটনায় অন্তত ৬০–৭০টি ককটেল বিস্ফোরণ ঘটে, এতে দুই ব্যক্তি আহত হন। ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাজিরা থানা সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ব্যাপারী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল জলিল মাতবরের অনুসারী তাইজুল ইসলাম ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। আজ সকালে উভয় পক্ষ গ্রামের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের ওপর ককটেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের সমর্থকরা একে অপরের বাড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে। তবে সংঘর্ষে অংশ নেওয়া মূল ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে শুনেছি, তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। কোনো পক্ষ অভিযোগ না করলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে।”
এদিকে, অভিযুক্ত পক্ষের একজন তাইজুল ইসলাম দাবি করেছেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; তিনি ঢাকায় অবস্থান করছেন। ইউপি সদস্য নাসির উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৫ এপ্রিল একই এলাকায় একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ