আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২৬ সালের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে বাপুসের প্রতিনিধিরা মেলার সম্ভাব্য কয়েকটি সময় প্রস্তাব করেন। রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শ বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাবকে সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত হিসেবে গৃহীত হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক প্রথম আলোকে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বইমেলার সময় চূড়ান্ত করে জানানো হবে। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন পরবর্তী সময়ে মেলা আয়োজনের কথা জানানো হলে ডিসেম্বরে নির্ধারিত আয়োজন স্থগিত করা হয়।
লেখক, কবি, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা শুরু থেকেই বইমেলা ফেব্রুয়ারিতেই আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন—রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় মাসের সঙ্গে মেলার ঐতিহ্য ধরে রাখতে।
এর আগে করোনা মহামারির কারণে ২০২১ সালে বইমেলা মার্চ মাসে এবং ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এরও আগে ১৯৮৩ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একবার বইমেলা বন্ধ হয়ে গিয়েছিল।
অর্থাৎ দীর্ঘ ঐতিহ্যের ধারায় ফিরেই ২০২৬ সালের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতেই।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ