এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস টি–টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটসম্যান জিতেশ শর্মা নেতৃত্ব দেবেন এই ভারত ‘এ’ দলকে। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন মাত্র ১৪ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশী, যিনি ১৪ বছর বয়সেই আইপিএলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছিলেন।
এই দলে আইপিএলে আলো ছড়ানো আরও কয়েক তরুণ ক্রিকেটার রয়েছেন—ওপেনার প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, নমন ধীর, রমণদীপ সিং, আশুতোষ শর্মা, অভিষেক পোরেল ও সুয়শ শর্মা। সহ–অধিনায়ক করা হয়েছে নমন ধীরকে।
সূর্যবংশী এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় অনূর্ধ্ব–১৯ চ্যালেঞ্জার ট্রফিতে খেলছেন না, যা সাধারণত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলের বাছাইয়ের মূল মঞ্চ। তবে নির্বাচকদের ধারণা, সূর্যবংশীর জায়গা বিশ্বকাপ দলে প্রায় নিশ্চিত।
গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ৪৭৫ রান করে নজর কাড়েন প্রিয়াংশ আর্য, যার স্ট্রাইক রেট ছিল ১৭৯.২৪। এর আগে দিল্লি প্রিমিয়ার লিগে তিনি ছয় বলে ছয় ছক্কা মেরে শিরোনামে আসেন।
দলের পেস আক্রমণে রয়েছেন গুরুজাপনীত সিং, বিশাখ বিজয়কুমার, যুদ্ধবীর সিং ও যশ ঠাকুর। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগে অবদান রাখতে পারবেন অলরাউন্ডার রমণদীপ সিং ও সূর্যাংশ শেডগে।
মন্তব্য করুন