প্রশ্নের মাঝেই সাংবাদিককে থামিয়ে দিলেন লিটন দাস। নিজেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন—রংপুর রাইডার্স কি তাঁকে ৭৫ লাখ টাকায় নেয়নি? সাংবাদিকরা জানান, বিপিএল নিলামে তাঁর দাম ছিল ৭০ লাখ টাকা। বিষয়টি বুঝেই হেসে লিটন মজা করে বলেন, “আপনারারা ৫ লাখ বাড়িয়ে দেন না কেন!”
১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করলেও লিটন দাস নিলামে অংশ নিয়েছিলেন। ‘এ’ ক্যাটাগরিতে তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। একই ক্যাটাগরির মোহাম্মদ নাঈম বিক্রি হয়েছেন ১ কোটি ১০ লাখ টাকায়, আর লিটনকে রংপুর নিয়েছে ৭০ লাখ টাকায়। তাওহিদ হৃদয়ও পেয়েছেন বেশি—৯২ লাখ টাকায় রংপুরের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিলামের প্রত্যাশিত মূল্য নিয়ে প্রশ্ন করা হলে লিটন বলেন, “এটা আমার নিয়ন্ত্রণে নেই। যা আমার নিয়ন্ত্রণে আছে, আমি সেটাই করি। আমি স্রষ্ঠায় বিশ্বাস করি। যদি বেশি দিতে চান, দেবেন; মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাই সেটাই।”
সংবাদ সম্মেলনের শেষে তাঁকে জিজ্ঞেস করা হয়—কোটিপতি হতে না পারার কোনো আফসোস আছে কি? লিটন হাসিমুখে জবাব দেন, “আমি তো বললাম, স্রষ্ঠায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।”
মন্তব্য করুন