রাজধানীতে অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। জামিনে মুক্তি পাওয়ার পর মামুন আবারও তার প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। এতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছায়। অবশেষে আরেক সন্ত্রাসী রনির নির্দেশে ভাড়া করা দুই শুটার ফারুক ও রবিন দুই লাখ টাকার বিনিময়ে মামুনকে গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, মামুন হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন শুটার—ফারুক ও রবিন, আর বাকি তিনজন সহযোগী—শামীম, রুবেল ও ইউসুফ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, অব্যবহৃত গুলি ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকা হত্যার পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন রনি।
ডিবি কর্মকর্তার মতে, “মামুন জামিনে বেরিয়ে আবারও এলাকায় প্রভাব বিস্তার করতে চাইছিলেন। এরই জেরে প্রতিদ্বন্দ্বী পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে খুন করে।”
মন্তব্য করুন