ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারী ইয়াসিন মিয়া (২০) মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইয়াসিন উপজেলার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলের কর্মচারী ছিলেন। এর আগে গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপন মিয়া (৩০) নামে আরও একজন মারা যান।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এখনও দুজন চিকিৎসাধীন আছেন—তাঁরা হলেন শিক্ষক এমরান হোসেন (৩৮) ও হোটেল কর্মচারী নুর আলম (১৮)।
নিহত ইয়াসিনের ভাই শাহীন মিয়া জানান, ভাইকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
পুলিশ জানায়, সংঘর্ষের কারণ পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ