এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে কি না— তা পুরোপুরি নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক সক্ষমতার ওপর।
শনিবার বিকেল ৪টার দিকে হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন ধরে তিনি দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
ডা. জাহিদ জানান, কাতার থেকে আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। একই সময়ে মেডিকেল বোর্ডও সিদ্ধান্ত নিয়েছিল যে সে মুহূর্তে বিদেশে নেওয়া উচিত হবে না।
তিনি বলেন, এখন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে খালেদা জিয়ার নিরাপত্তা ও চিকিৎসাকে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শকে প্রাধান্য দিতে বলেছেন।
গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে চিকিৎসক বলেন, খালেদা জিয়া অতীতেও গুরুতর অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। চিকিৎসকেরা আশা করছেন, এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ