আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাঁচ দফা দাবি জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সরাসরি স্মারকলিপি দিতে যমুনায় পৌঁছেছেন আট ইসলামী দলের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে আরও আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতারা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে পুলিশ প্রতিনিধি দলটিকে কিছু সময়ের জন্য আটকে দেয়। পরে তারা যমুনার উদ্দেশে রওনা হন।
🕌 পদযাত্রা ও নিরাপত্তা ব্যবস্থা
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিল শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীরা। বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করে আটটি দল।
এদিকে এ কর্মসূচিকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে শাহবাগ, কাকরাইল, পল্টন ও যমুনা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
✋ ইসলামী দলগুলোর দাবি
আট দলের দাবি–
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন,
২️⃣ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু,
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪️⃣ পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫️⃣ ‘স্বৈরাচারের দোসর’ বলে অভিহিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
🤝 অংশগ্রহণকারী দল
জামায়াতে ইসলামীর পাশাপাশি অংশ নিয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ