ঢাকা – বাংলাদেশ সফররত তুরস্কের সংসদীয় প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম জাতি হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের মধ্যে সংহতি ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিনিধিদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধিদল গত সোমবার তৌহিদ হোসেনের কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তৌহিদ হোসেন তুরস্কের রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা প্রদানের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক আরও সম্প্রসারিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষাক্ষেত্র, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তুর্কি প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধ-দক্ষ পেশাজীবীদের নিয়োগ কার্যক্রম শুরু করবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার সম্প্রতি বাংলাদেশে ‘ইউনুস এমরে ইনস্টিটিউট’-এর একটি শাখা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশ ও তুরস্কের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ