সিলেটে শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা। জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গ্রাম থেকে শহরজুড়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও সমর্থন চাওয়ার পাশাপাশি চলছে পথসভা, মিছিল ও মতবিনিময় সভা।
আজ রোববার দিনভর বিভিন্ন আসনে প্রার্থীরা প্রচারণা চালান। সকালে সিলেট-১ (সদর-নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির নগরের কালীঘাট, আমজদ আলী রোড, কাষ্টঘর, ব্রহ্মময়ীবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সিলেটকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করবে বিএনপি।” এ সময় সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি জিয়াউল হক জিয়া ও মহানগর বিএনপির নেতা আমির হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে শনিবার রাতে সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে জালালাবাদে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, “জনগণ পরিবর্তন চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট গড়তে হাবিবুর রহমানকে বিজয়ী করতে হবে।”
সকালেই সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে মতবিনিময় সভায় যোগ দেন। তিনি বলেন, “আমরা সরকার গঠন করলে পাথর কোয়ারি খুলে দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করব।”
এদিকে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী আজ দুপুরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে বিএনপিকে কাজ করার সুযোগ দিন।”
মাজার জিয়ারতের সময় জেলা বিএনপি ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এমরান আহমদ চৌধুরী দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানসহ দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন