দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন, তা ঘোষণা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার দুপুরে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে গিয়ে অপেক্ষমান নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন এবং দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। প্রথম দিন আর কোনো কর্মসূচি থাকবে না।
পরদিন, ২৬ ডিসেম্বর, জুমার নামাজের পর তিনি বাসভবন থেকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
২৭ ডিসেম্বর, শনিবার তারেক রহমানের আরও দুটি কর্মসূচি রয়েছে। তিনি জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করবেন। সশরীর তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। এরপর শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন। এ দিন আরও একটি কর্মসূচি রয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে
বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বপ্রণোদিতভাবে সর্বোচ্চ সহায়তা প্রদান করছে।
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দলের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ ব্যবহার করা হবে। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, দলীয় নেতা–কর্মী এবং দেশের সাধারণ জনগণ নিরাপত্তার মূল ভিত্তি। সরকার বিভিন্ন বাহিনী ও সংস্থাকে নির্দেশ দিয়েছে এবং দলীয় শক্তি ও সরকারিভিত্তিক সংস্থাগুলোকে ইন্টিগ্রেট করে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ