চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ব্রিজমোড়ে মোটরসাইকেল ও লাটা হাম্বার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতলা গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত দুই নারী হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছতিয়া ইউনিয়নের কয়ারি গ্রামের সাগরি খাতুন ও তাঁর মেয়ে জামিলা খাতুন।
নিহতের বোন জামাই জানান, তাঁরা মোটরসাইকেলে করে মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে মুন্সিগঞ্জ ব্রিজমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলি বোঝাই লাটা হাম্বার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত তিনজনকে গুরুতর অবস্থায় আনা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর ইকতার আলীকে মৃত ঘোষণা করা হয়। আহত দুই নারীকে ভর্তি রাখা হয়েছে, এর মধ্যে জামিলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ