কক্সবাজারে আজ রোববার সকালে হঠাৎ ঝটিকা মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি অংশ। পৌরসভার কলাতলী সড়কে অনুষ্ঠিত এই মিছিলের ভিডিও ও ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় ৫০ থেকে ৬০ নেতা–কর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি বন্ধে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে হাঙর ভাস্কর্যের কাছে প্রথমে নেতাদের জড়ো হতে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁরা কলাতলী সড়কে মিছিল শুরু করেন এবং অল্প দূর এগোনোর পর দ্রুত সটকে পড়েন। কয়েকজন তরুণকে পুরো ঘটনাটি ভিডিও করতে দেখা গেছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালে সড়ক তুলনামূলক ফাঁকা থাকায় মিছিলটি সম্ভব হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বেলা একটা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ